ক্রেইগ আরভিনের অপরাজিত দ্বিশতক এবং ওয়েসলি মাধেভেরের প্রথম টেস্ট সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে জিম্বাবুয়ে। শারজাহতে অনুষ্ঠিত ম্যাচটিতে গড়েছে টেস্ট ক্রিকেটের বিরল এক রেকর্ড। ইতিহাসে প্রথমবারের মতো কোনো টেস্টের তিন ইনিংসে ৫০০ বা তার বেশি রানের দেখা মিলেছে।
সোমবার ম্যাচের পঞ্চম দিনেও ব্যাটসম্যানদের দাপট অব্যাহত ছিল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। এর আগে প্রথম ইনিংসে ব্রেন্ডন টেইলরের ১৩১ ও ব্রায়ান বেনেটের অপরাজিত ১২৮ রানের সুবাদে ৫০৪ রান করেছিল তারা। জবাবে রহমত শাহর ১৭৩ রানের দুর্দান্ত ইনিংসে ৫১৪ রান করে অলআউট হয় আফগানিস্তান।
এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচের তিনটি ইনিংসে ৫০০ রানের গণ্ডি পেরোনোর ঘটনা ঘটল। এমন বিরল কীর্তির সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা।
পঞ্চম দিনের প্রথম সেশনে ফিফটি করা ব্রায়ান বেনেটকে বোল্ড করেন মোহাম্মদ সেলিম। এরপর অভিষিক্ত আন্তুম নাকভি ধৈর্যশীল ব্যাটিংয়ে ১১০ বলে নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন। মজার ব্যাপার হলো, ইনিংসের ১০২তম বলে প্রথম বাউন্ডারি মারেন তিনি। পঞ্চম উইকেটে আরভিনের সঙ্গে ২৫৩ বলে ১৪০ রানের জুটি গড়েন নাকভি।
দিনের শেষ দুই সেশনে আফগান অধিনায়ক রহমত শাহ পার্টটাইম স্পিনারদের বোলিংয়ে আনেন। পুরোনো বলের সিম উঠে গেলেও নতুন বল নেওয়ার সিদ্ধান্ত নেননি তিনি। এ সময় লেগ সাইডে নেতিবাচক লাইন ধরে বল করার চেষ্টা ঠেকাতে আম্পায়ার রশিদ রিয়াজ একবার ওয়াইডের সংকেতও দেন।
অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে মাধেভেরে ৫০ বলে অর্ধশতক পূর্ণ করলেও সেঞ্চুরিতে পৌঁছাতে কিছুটা সময় নেন। আরভিন অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ২৭৯ বলের ইনিংসে ২৩টি চার ও দুটি ছক্কায় ২০৬ রান করেন তিনি। আবদুল মালিকের এক ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। এর মধ্যে দুটি ছিল মিডউইকেট দিয়ে মারা ছক্কা।
এই দ্বিশতকের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়স্ক ক্রিকেটার হওয়ার কীর্তিও গড়েছেন আরভিন।
দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শুক্রবার (১৩ নভেম্বর)।
Publisher & Editor