মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

প্রকাশিত: ০২:২৫, ১৩ অক্টোবর ২০২৬ | ১৮

দেশবরেণ্য নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকার পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান।

গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। ওই বাড়িতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় আফিয়া খান তার পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান।

শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালাবদ্ধ করে বাইরে যান। তখন বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান।

এ ছাড়া তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা ছিল।
আলমারিগুলোতে মামুনুর রশীদের নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে আফিয়া খান ঢাকায় থাকায় এবং ভাই-বোনদের সবাই উপস্থিত না থাকায় কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আফিয়া খান জানান, ঘটনাটি নিছক চুরি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

এ বিষয়ে নাট্যকার মামুনুর রশীদ জানান, টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করার খবরটি তিনি ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor