মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কোচের বারণের পরও বাইসাইকেল চালালেন এমবাপে

প্রকাশিত: ০৬:০৭, ০৬ অক্টোবর ২০২৬ | ১৬

গ্রামীণ পথ ধরে বাইসাইকেল চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিলিয়ান এমবাপে। তার বাইসাইকেল চালানোর বিষয়টি আলোচিত হচ্ছে। কারণ কিছু দিন আগে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও সতর্ক করে বলেছেন, ইনজুরির ঝুঁকি থাকায় একজন ফুটবলারের সাইক্লিং করা উচিত নয়।

রোববার একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন এমবাপে। আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের সঙ্গে খেলার সময় চোট পাওয়া এই ফরোয়ার্ডকে হাসিমুখে হেলমেট মাথায় দিয়ে সাইকেল চালাতে দেখা গেছে। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপকে ফরাসি গণমাধ্যমে সমালোচকদের জবাব হিসেবে তুলে ধরা হয়েছে।

গত মাসে মরিনিও এক সাক্ষাৎকারে জানান, একজন পেশাদার ফুটবলারকে কিছু কাজ পরিহার করা উচিত। যে তালিকায় তিনি সাইকেল চালানোও রেখেছেন। বেট ইট ড্রাইভস শো-তে তিনি বলেন, ‘দিনের ২৪ ঘণ্টাই আপনি একজন ফুটবলার। সবকিছুতেই এই পেশার প্রতিফলন ঘটে। আপনি কি খান, কী পান করেন, কীভাবে ঘুমান, এমনকি আপনার ব্যক্তিগত জীবনের বিষয়গুলোতেও। আপনি স্কি করতে পারবেন না, বাইসাইকেলও চালাতে পারবেন না।’

তিনি ব্যাখ্যা দিলেন, ‘আপনি সাইকেল থেকে পড়ে যেতে পারেন। হয়তো তিন ম্যাচ খেলা হবে না কিংবা আরও খারাপ কিছু হতে পারে। হতে পারে আপনি পা ভেঙে ফেললেন। একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আপনাকে অনেক কিছু পরিহার করা উচিত।’

এমবাপে বাইসাইকেল ঠিকঠাক চালিয়েছেন, কিন্তু ইনজুরি নিয়ে। গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ খেলার সময় বাঁ হাঁটুতে চোট পান রিয়াল তারকা। লা লিগায় আগামী শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তাকে নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে। তবে ২৫ অক্টোবর এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে তাকে ফিট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Mahfuzur Rahman

Publisher & Editor