শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬

ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা করার এবং ক্ষেত্রমতে ফ্যাসিবাদের শক্তিকে কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে অথবা অন্যভাবে সহযোগিতা করার সংবাদ, ইনফরমেশন, তথ্য আমাদের কাছে আছে। এমন কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে ২০২৬ সালের পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কিছু মেসেজ দিতে চাই। গণতান্ত্রিক ভিত্তির ওপর, জন-আকাঙ্ক্ষা ও ব্যাপক জনপ্রত্যাশার ওপর এবং তরুণদের দুই-তৃতীয়াংশের সমর্থনের ওপর দাঁড়িয়ে গঠিত সরকার অত্যন্ত শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘আমরা পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ডে বিশ্বাস করি। প্রতিনিয়ত শিষ্টের পালন এবং দুষ্টের দমন করে যাচ্ছি। হয়তো শতভাগ ন্যায়বিচার আমরা প্রত্যেকের ক্ষেত্রে পালন করতে পারছি না। কিন্তু সময় পেরিয়ে যায়নি।’


শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কঠোর হওয়ার বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আশা করি মেসেজটা পেয়েছেন। আপনাদের সামনে অবারিত সুযোগ। নিজেদের সংশোধন করুন।’

তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যায়ে সবার উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষায় এবং জনপ্রত্যাশা পূরণে সরকার কঠোর হতে বাধ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পতিত ফ্যাসিবাদের শক্তি অন্যান্য বাহিনীর মতো পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে, রাজনৈতিকভাবে মিসইউজ করেছে, অ্যাবিউজ করেছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। অনেকে বাধ্য হয়েছেন নির্দেশ, অবৈধ নির্দেশ, বেআইনি নির্দেশ পালন করতে। কিন্তু আমরা সুযোগ দিয়েছি আপনাদের সবাইকে সংশোধনের, জন-আস্থা অর্জনের।’

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পুলিশ অফিসার, যে পদবিরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন তাহলে তাঁর পরিণতি ভালো হবে না।

Mahfuzur Rahman

Publisher & Editor