বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কাগজপত্র প্রিন্ট করা সহকারীকে ৪৫ হাজার ডলার উপহার দিলেন ট্রাম্প

প্রকাশিত: ০৭:৪০, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ লাখ ৩৫ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের আরও দুই কর্মী মার্গো মার্টিন ও চেম্বারলেইন হ্যারিসও একই পরিমাণ অর্থ পেয়েছেন। আর্থিক বিবরণীতে ওই তিন নারী এই অর্থকে ‘ছুটির দিনের উপহার হিসেবে পাওয়া নগদ অর্থ’ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নাটালি হার্পকে প্রায় সবসময়ই তার কাছাকাছি দেখা যায়। বিভিন্ন সময় ট্রাম্পের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট টাইপ করা এবং তার জন্য প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করে দেওয়ার কাজও করেন তিনি। এ কারণে তাকে ‘মানব প্রিন্টার’ নামেও ডাকা হয়।

কংগ্রেসে জমা দেওয়া বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে হার্প বছরে ১ লাখ ৫০ হাজার ডলার বেতন পান।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যাস হলো তার ঘনিষ্ঠ পরিসরের মানুষদের বড়দিনে উপহার দেওয়া। হোয়াইট হাউসের কর্মী ও সহকারীরাও এর আওতায় পড়েন।

মুখপাত্রের দাবি, উপহারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বের কোনো সম্পর্ক নেই। ফলে প্রযোজ্য আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী এসব উপহার সম্পূর্ণ বৈধ।

Mahfuzur Rahman

Publisher & Editor