সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাবেক এমপি মিলনকে আরও এক মামলায় গ্রেফতার দেখালেন আদালত

প্রকাশিত: ০৭:১৩, ২৪ আগস্ট ২০২৬ | ২১

বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান। মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের এসআই মো. তোফাজ্জল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে নয়াপল্টনে সমবেত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে ৭ ডিসেম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

ওই সময়ের হামলায় বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামলায় আমিরুল আলম মিলনকে ৯৯ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমিরুল আলম মিলনকে গ্রেফতার করে। সে সময় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

এবার মকবুল হোসেন হত্যা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হলো।

Mahfuzur Rahman

Publisher & Editor