ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল বলেছেন, ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা নিউইয়র্ক স্টেট ক্যাপিটলকে লক্ষ্য করে আইএসআইএস-অনুপ্রাণিত একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা সফলভাবে নস্যাৎ করেছে, যার নেতৃত্বে ছিলেন অ্যালবানির ৩৫ বছর বয়সী এক নারী। শনিবার এক্স-এর (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ কথা বলেন।
এফবিআই পরিচালক কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী অভিযানের বৃহত্তর পরিধির দিকে ইঙ্গিত করে জানান, আইন প্রয়োগকারী সংস্থা গত এক বছরে ৬৪০টি পরিকল্পিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছে।
তিনি লিখেছেন, ‘আমেরিকার মাটিতে আরেকটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা নস্যাৎ। আলবেনির ৩৫ বছর বয়সী এক নারী নিউইয়র্ক স্টেট ক্যাপিটলকে লক্ষ্য করে আইএসআইএস-অনুপ্রাণিত হামলার ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত। এবং এটি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার মোকাবিলা করা হুমকিগুলোর মধ্যে মাত্র একটি।
গত বছর ৬৪০টি পরিকল্পিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করা হয়েছে।’
এক্স-এর পোস্টে প্যাটেল চলমান নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোকপাত করে বর্তমান অভিযানগুলোর বহুমুখী প্রকৃতির ওপর জোর দিয়ে বলেন, ‘কর্তৃপক্ষ বিদেশে আমাদের সৈন্যদের লক্ষ্য করে আসা হুমকির পাশাপাশি দেশে আমেরিকানদের লক্ষ্য করে আসা হুমকির সক্রিয়ভাবে মোকাবিলা করছে।’
তিনি আরো বলেন, ‘নিরীহ প্রাণহানির আগেই আরেকটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা রুখে দেওয়া হলো। এই ধরনের কিছু অভিযানের কথা আপনারা শোনেন।
অনেকগুলোর কথা আপনারা কখনোই শুনবেন না। এটাই আমাদের লক্ষ্য।’
হামলাটি ব্যর্থ করে দেওয়ার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে প্যাটেল বলেন, ‘আমাদের এফবিআই আলবানি দল, বিচার বিভাগের আমাদের অংশীদার এবং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের অসাধারণ কাজ। এই এফবিআই এই ধরনের হুমকি খুঁজে বের করতে, সেগুলোকে প্রতিহত করতে এবং আমেরিকানদের নিরাপদ রাখতে অবিচল থাকবে।’
এর আগে গত বৃহস্পতিবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে এক নারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
আদালতের নথিতে বলা হয়েছে, ওই নারী এফবিআইয়ের এক তথ্যদাতাকে জানিয়েছিলেন, তিনি নিউইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনগুলো ‘ধ্বংস করতে চান।’
কানাডা সীমান্তের কাছে অ্যালবানি শহরে অবস্থিত নিউইয়র্ক স্টেট ক্যাপিটাল অঙ্গরাজ্য সরকারের কেন্দ্রবিন্দু এবং সেখানে অঙ্গরাজ্যের আইনসভার উভয় কক্ষের কার্যক্রম পরিচালিত হয়।
আদালতের নথি অনুযায়ী, ৩৫ বছর বয়সি জেসিকা বোয়ির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোকে’ বস্তুগত সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং অনলাইনে ইসলামিক স্টেটের সোচ্চার সমর্থক হয়ে ওঠেন। তিনি অনলাইনে যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন বার্তা পোস্ট করতেন, যার মধ্যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলাকারীদের প্রতি সমর্থনও ছিল।
Publisher & Editor