শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

থ্রিলার সিনেমা নিয়ে পর্দায় ফিরলেন ম্যাথিউ ম্যাককোনাঘি

প্রকাশিত: ০৩:৪৩, ১৩ আগস্ট ২০২৬ | ২৭

ডার্ক কমেডি ‘দ্য জেন্টলম্যান’-এর পর চলচ্চিত্র জগৎ থেকে একপ্রকার বিরতিই নিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাককোনাঘি। এর মধ্যে তিনি নিজের আত্মজীবনী ‘গ্রিনলাইটস’ লেখার দিকেই মনোনিবেশ করেছিলেন।

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর অবশেষে বড় পর্দায় ফিরলেন ৫৬ বছর বয়সী এই তারকা। তার এই আগমন ঘটেছে আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত থ্রিলার সিনেমা ‘দ্য রাইভালস অব অ্যামজিয়া কিং’-এর মাধ্যমে। সম্প্রতি এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই চলচ্চিত্রটি বেছে নেওয়ার কারণ জানিয়ে ম্যাককোনাঘি বলেন, ছবিটির আনন্দ, অনুভূতি, সংগীত, কবিতা, পুরাণ ও একদম মৌলিক গল্প আমাকে আকর্ষণ করেছে। ক্রাইম, কমেডি, মিউজিক্যাল ও ড্রামার চমৎকার মিশ্রণে নির্মিত এই চলচ্চিত্রে ম্যাককোনাঘিকে দেখা যাবে এক ক্যারিশম্যাটিক স্থানীয় মধু উৎপাদনকারীর ভূমিকায়।

তিনি মৌচাকের যত্ন নেওয়ার পাশাপাশি বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে গড়া একটি ব্যান্ডে ব্যাঞ্জো বাজিয়ে সময় কাটান। চরিত্রটি নিয়ে ম্যাককোনাঘি বলেন, আমি এই মানুষগুলোকে খুব ভালো চিনি। তারা যেভাবে বাঁচার তাগিদে সঙ্গীত আর রসিকতাকে ব্যবহার করে, আর যেভাবে একে অপরকে ভালোবাসে—তা আমার ভীষণ পছন্দ হয়েছে। গল্পের মোড় ঘোরে তখন, যখন বহু বছর পর ক্যাটেরি নামের এক তরুণী আদিবাসী আমেরিকান নারীর সাথে তার দেখা হয়।

ক্যাটেরি চরিত্রে অভিনয় করেছেন ২২ বছর বয়সী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা লুকিংগ্লাস। মৌমাছি পালন, সান্ধ্যকালীন নৈশভোজ আর সঙ্গীতের মাধ্যমে তাকে ধীরে ধীরে সমাজে মানিয়ে নিতে সাহায্য করেন অ্যামজিয়া কিং। তবে খুব জলদিই ক্যাটেরি বুঝতে পারে, মধুর এই জগতটা দেখতে যতটা মিষ্টি, বাস্তবে ততটা নয়।

পরিচালক অ্যান্ড্রু প্যাটারসন তার সফল অভিষেক ছবি দ্য ভাস্ট অব নাইট (২০১৯)-এর পর মূলত এক অদম্য ও শক্তিশালী আদিবাসী নারীকে কেন্দ্র করেই এই ছবির ভাবনা শুরু করেন। পরিচালক জানান, এমন এক চরিত্র ফুটিয়ে তুলতে চেয়েছিলাম যে বুদ্ধিমত্তা আর উপস্থিত বুদ্ধি দিয়ে পথ চলে, তাকে কোনো কিছুতেই থামানো যায় না।

প্যাটারসন আরো জানান, শুরুর দিকে চিত্রনাট্য লেখার সময় ম্যাথিউ ম্যাককোনাঘিকে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। 
উল্লেখ, শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Mahfuzur Rahman

Publisher & Editor