শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পদত্যাগ করছেন ক্যারোলিন লেভিট

প্রকাশিত: ০৩:০০, ১৩ আগস্ট ২০২৬ | ৩০

চলতি আগস্ট মাসের শেষেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে এ তথ্য জানান।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমাদের চমৎকার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি এবং আমার অন্যতম বিশ্বস্ত সহযোগী ক্যারোলিন লেভিট চলতি মাসের শেষেই পদত্যাগ করছেন। সন্তান ও পরিবারকে আরও বেশি সময় দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, যা আমি পুরোপুরি অনুধাবন করতে পারছি এবং সম্মান জানাচ্ছি।'

ট্রাম্প আরও জানান, দায়িত্ব ছাড়লেও ক্যারোলিন প্রশাসন থেকে একেবারে দূরে সরে যাচ্ছেন না। তিনি বাইরে থেকে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং রিপাবলিকান পার্টির প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ চালিয়ে যাবেন।

এদিকে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করে ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, 'চলতি বছরের মে মাসে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর আমি হৃদয় থেকে অনুভব করেছি যে, ছোট দুই সন্তানকে প্রয়োজনীয় সময় ও ভালোবাসা দেওয়ার পাশাপাশি হোয়াইট হাউসের মতো ব্যস্ত জায়গায় পূর্ণ মনোযোগ দেওয়া বেশ কঠিন। আর সে কারণেই এই বিদায়ের সিদ্ধান্ত।'

২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছিলেন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেছেন। তবে তার জায়গায় নতুন কাকে প্রেস সেক্রেটারি নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Mahfuzur Rahman

Publisher & Editor