রবিবার, ১২ জুলাই ২০২৬

টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২

প্রকাশিত: ০৩:১৪, ১২ জুলাই ২০২৬ | ১১

কানাডার টরন্টোতে সালসা উৎসবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাতে টরন্টোর দোকানপাট ও রেস্তোরাঁঘেরা একটি এলাকায় এ হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

টরন্টো পুলিশের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে কর্তৃপক্ষ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং কর্মকর্তারা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত ফরাসি বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে চলমান একটি সালসা উৎসবে এই গোলাগুলির ঘটনা ঘটে।

অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সালসা অন সেন্ট ক্লেয়ার ফেস্টিভ্যালে এমন মর্মান্তিক ও অর্থহীন সহিংসতার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই হামলায় দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে এবং অনেকেই আহত হয়েছেন।’

গত মাসের শেষের দিকে দেশটির মন্ট্রিল শহরে ঘটে যাওয়া আরেকটি গোলাগুলির রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটল।

মন্ট্রিলের ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছিলেন এবং পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে টাম্বলার রিজ নামের ছোট খনি অঞ্চলে একটি স্কুল শুটিংয়ের ঘটনা ঘটে। সেখানে বন্দুকধারী নিজের মা ও সৎভাইকে হত্যা করার পর স্কুলে গিয়ে আরও ছয়জনকে হত্যা করে। ওই ঘটনায় মোট আটজন নিহত এবং ২৭ জন আহত হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। সূত্র: এনডিটিভি

Mahfuzur Rahman

Publisher & Editor