বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার। আর মেন্টর হিসেবে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন আসিফ সিরাজ রব্বানী। রিয়াদ শুধু অনূর্ধ্ব-১৯ দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবেন।
হান্নান সরকার এর আগে যুব দলের নির্বাচকও ছিলেন। তিনি নির্বাচক থাকাকালীন ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জেতে বাংলাদেশ। এরপর জাতীয় দলের নির্বাচক হলেও তাতে ইস্তফা দিয়ে কোচিং শুরু করেন তিনি। তার কোচিংয়ে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আবাহনীর ক্লাব। এবার যুব দলের দায়িত্ব উঠলো হান্নানের হাতে।
যুব দলের কোচ হওয়ার অনুভূতি জানিয়ে হান্নান বলেন, আসলে কোচিংয়ে আসার স্বপ্নটা আমার অনেক আগের। জাতীয় নির্বাচক হওয়ারও আগে আমি কোচিং করিয়েছি। আপনারা হয়তো জানেন, ২০১১ সালে খেলা ছাড়ার পরও আমি তিন বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি। পাশাপাশি ন্যাশনাল লিগের প্রথম শ্রেণির ক্রিকেটেও কোচিং করিয়েছি। এরপর নির্বাচক হিসেবে দায়িত্ব নিই। নয় বছরের সেই যাত্রা শেষ হওয়ার পর যখন আবার সুযোগ এল, বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ড যখন দেশি কোচদের অগ্রাধিকার দিচ্ছে এবং তাদের প্রমোট করছে, তখন আমার সেই পুরোনো স্বপ্নটা আবার জেগে ওঠে যে আমি কোচিংয়ে ফিরতে পারি।
এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখতে চায় বিসিবি। এছাড়া অস্ট্রেলিয়ায় বসবাস করা সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও সেই সিরিজে কোচিং প্যানেলে কাজে লাগাতে চায় বিসিবি।
Publisher & Editor