বুধবার, ১৭ জুন ২০২৬

হাসনাত আব্দুল্লাহকে ঘিরে উত্তাল পূর্ব লন্ডন, আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ০৭:০১, ১৭ জুন ২০২৬ |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে আওয়ামী লীগ ও এনসিপি সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ জুন) দিনের বিভিন্ন সময়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে দ্রুত হস্তক্ষেপ করে ব্রিটিশ পুলিশ।

এ সময় আওয়ামী লীগ নেতা আফছার খান সাদেকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এলেম পার্ক স্টেশনের সামনে অবস্থিত রমফুডের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়।

পরবর্তীতে বিকেলে অনুষ্ঠানের বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও ভেতরে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

বক্তব্যের একপর্যায়ে তিনি হাতে একটি ডিম তুলে নিয়ে বলেন, ‘বিশ্বের যেসব দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে রয়েছেন, তাদের উদ্দেশেই এই ডিম উৎসর্গ করলাম।’
তার এ মন্তব্যে উপস্থিত সমর্থকদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। তবে সম্ভাব্য সংঘাত এড়াতে শুরু থেকেই কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে ছিল ব্রিটিশ পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পূর্ব লন্ডনের এ ঘটনাকে ঘিরে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor