বুধবার, ১৭ জুন ২০২৬

টিজারে ‘শ্রেক ৫’-এর প্রথম ঝলক

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ জুন ২০২৬ |

এনিমেশন সিনেমার জনপ্রিয় চরিত্র শ্রেক, ফিওনা আর ডাঙ্কি (গাধা) আবারও বড় পর্দায় ফিরছে। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘শ্রেক ৫’-এর প্রথম টিজার ট্রেলার।

২০২৭ সালের ৩০ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
২০০১ সালে প্রথম ‘শ্রেক’ মুক্তি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এর বিশাল ভক্তকুল তৈরি হয়েছে। এর আগে মূল সিরিজের ৪টি সিনেমা এবং ‘পুস ইন বুটস’ নামে দুইটি স্পিন-অফ ছবি দারুণ ব্যবসা করেছে। টিজারটি ভক্তদের মনে বেশ কিছু রহস্য আর কৌতূহল তৈরি করেছে।

এবারের গল্পে শ্রেক ও ডঙ্কিকে এক বিশাল শহরে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে। টিজারের একপর্যায়ে শ্রেক, ফিওনা, ডাঙ্কি এবং তাদের দুই ছেলে ফার্গাস ও ফার্কলকে কারাগারে বন্দি অবস্থায় দেখা যায়। তারা কিভাবে এই পরিস্থিতিতে পড়ল, তা নিয়ে রহস্য জমে উঠেছে। শ্রেক-ফিওনার মেয়ে ফেলিসিয়াকে টিজারে দেখা যায়নি।

তবে এই চরিত্রে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জেনডায়া। ফেলিসিয়ার অনুপস্থিতি ছবিতে তার ভূমিকা নিয়ে কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। বরাবরের মতোই এই ট্রেলারেও রয়েছে ভরপুর কমেডি ও হাস্যকর কৌতুক। একটি দৃশ্যে গাধাটিকে কাজে ফেরার জন্য এতটাই উত্তেজিত দেখা যায় যে, সে নিজের পশ্চাৎদেশসহ সম্পূর্ণ নতুন রূপে নিজেকে সাজানোর ইচ্ছা প্রকাশ করে। এ ছাড়া মুখে কেক মাখা অবস্থায় জিঞ্জার ব্রেডম্যানকেও এক পলক দেখা যায়।

সিনেমার মূল চরিত্রগুলোতে আবারও কণ্ঠ দিয়েছেন পুরনো অভিনেতারাই। শ্রেক চরিত্রে মাইক মায়ার্স, ডাঙ্কি চরিত্রে এডি মারফি এবং ফিওনা চরিত্রে থাকছেন ক্যামেরন ডিয়াজ। সিনেমায় ডাঙ্কি চরিত্রে কণ্ঠ দেওয়া বিখ্যাত অভিনেতা এডি মারফি ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি যে আমি শ্রেক আজীবন করব। ডাঙ্কি চরিত্রটি করার অভিজ্ঞতা দারুণ। তাই যখন শুনলাম আরেকটি সিনেমা হচ্ছে এবং ডাঙ্কিকে নিয়ে আলাদা কাজ করার পরিকল্পনা আছে, আমি খুব উত্তেজিত হয়ে পড়ি।’

ভয়েস ওভার দেওয়ার পেছনের পরিশ্রম নিয়ে তিনি বলেন, ‘শ্রেক-এর রেকর্ডিং সেশনের পর মাথা ধরে যায়। কারণ গাধাটাকে অনেক গান গাইতে হয় এবং একই কাজ বারবার করতে হয়। তবে সবচেয়ে ভালো ব্যাপার হলো, মানুষ যখন সিনেমাটা পছন্দ করে, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়।’

Mahfuzur Rahman

Publisher & Editor