তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। হোয়াটওয়াশের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে লিটন-তৌহিদ-মোসাদ্দেকের অর্ধশতকে অজিদের লড়াকু লক্ষ্য দিয়েছে টাইগাররা।
রবিবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই সৌম্য সরকার মাত্র ২ রান করে আউট হন।
এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে ইনিংস গোছানোর চেষ্টা করেন। তবে দুজনই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তানজিদ ১৯ এবং শান্ত ২৪ রান করে সাজঘরে ফেরেন।
তবে চাপের মধ্যে বাংলাদেশকে টেনে তোলেন লিটন দাস ও তাওহিদ হৃদয়।
দুজনেই দায়িত্বশীল ব্যাটিং করে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। পায়ের ইনজুরিতে ৪৮ রান করে রিটায়ার্ড হার্ট হন লিটন। আর সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৮৩ রানের এক ঝলমলে ইনিংস খেলে আউট হন হৃদয়।
পরে মোসাদ্দেক হোসেন সৈকতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়ে বাংলাদেশের। ৫৬ রানে অপরাজিত এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
শেষ দিকে লিটন দাস আবার ফিরে এসে তার ফিফটি পূর্ণ করেন। ১১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে মিরপুরে এই প্রথম অর্ধশতক করেন তিনি। লিটনের ইনিংস শেষ হয় অপরাজিত ৫৮ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট রেনশ ও জাভিয়ের বার্টলেট নেন দুটি করে উইকেট, একটি উইকেট পান বেন ডোয়ারসুইশ। এখন সিরিজের শেষ ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৭৫ রান।
Publisher & Editor