ছবি: সংগৃহীত
ফেডারেল আদালত নামকরণকে ‘অবৈধ’ ঘোষণার পর ওয়াশিংটনের জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছে। শনিবার (১৩ জুন) এ কাজ শুরু করেন কর্মীরা।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করেছেন—ভবন ও এর আশপাশে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।
শনিবার দুপুর পর্যন্ত ভবনের বাইরের অংশে থাকা ট্রাম্পের নাম সাদা ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। নাম অপসারণের সময় ভেতর থেকে জোরে শব্দ শোনা যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু পথচারী কাজটি পর্যবেক্ষণ করেন।
এর আগে পরিচালনা পর্ষদ আদালতের মাধ্যমে শেষ মুহূর্তে নাম অপসারণ স্থগিতের চেষ্টা করলেও বিচারক আবেদন খারিজ করে দেন। হোয়াইট হাউসে ফিরে আসার পর বিভিন্ন সরকারি স্থাপনায় নিজের নাম যুক্ত করার যে উদ্যোগ ট্রাম্প নিয়েছিলেন, এই রায় তা বাধাগ্রস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার রাতে কেনেডি সেন্টারের বাইরে লোকজন জড়ো হন। কর্মীরা সাইনবোর্ড খুলতে মাচা স্থাপন করলে উপস্থিতদের একাংশ উল্লাস প্রকাশ করেন। পাশাপাশি অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনেকেই ঘটনাটি অনুসরণ করেন।
বজ্রঝড় ও বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে অপসারণ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল বলে জানান নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা।
গত ২৯ মে দেওয়া রায়ে মার্কিন জেলা বিচারক ক্রিস্টোফার কুপার বলেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ট্রাম্পের নামে করার সিদ্ধান্ত আইনসম্মত নয়। তার মতে, কোনো জাতীয় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে।
রায়ে প্রশাসনকে ১৪ দিনের মধ্যে ভবনের মার্বেল নির্মিত সামনের অংশসহ প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সব স্থান থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দেওয়া হয়। এর অংশ হিসেবে কয়েক দিন আগেই কেনেডি সেন্টারের ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম মুছে ফেলা হয়।
Publisher & Editor