শুক্রবার, ১২ জুন ২০২৬

যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে ৩০-এর পরও ত্বক থাকবে তারুণ্যময়

প্রকাশিত: ০৭:৩০, ১২ জুন ২০২৬ | ১৪

বয়স ৩০ পেরোনোর পর থেকেই ত্বকের স্বাভাবিক কোলাজেন উৎপাদন ধীরে ধীরে কমতে শুরু করে। ফলে সূক্ষ্ম রেখা ও বলিরেখার মতো বয়সের ছাপ দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা এ সময় থেকেই নিয়মিত অ্যান্টি-এজিং ত্বক পরিচর্যার পরামর্শ দেন। তবে এর জন্য সবসময় দামি অ্যান্টি-রিঙ্কল ক্রিম ব্যবহার করতেই হবে, এমন নয়।

ত্বককে আর্দ্র ও পুষ্ট রাখলে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকলে বয়সের ছাপ অনেকটাই ধীরগতিতে আসে। এ ক্ষেত্রে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল উপকারী হতে পারে। এতে থাকা রিসিনোলেইক অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ রাখে। পাশাপাশি এটি কোলাজেন ও ইলাস্টিন উৎপাদনেও সহায়ক বলে মনে করা হয়।

তবে ক্যাস্টর অয়েল বেশ ঘন হওয়ায় সরাসরি ব্যবহার করলে অনেকের ত্বকে চিটচিটে অনুভূতি হতে পারে। তাই এটি বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে সিরাম, ক্রিম বা ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ঘরেই তৈরি করুন নাইট সিরাম

রাতের ত্বক পরিচর্যায় ব্যবহার করতে পারেন একটি সহজ সিরাম। সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও রোজহিপ অয়েল একসঙ্গে মিশিয়ে তাতে ২ থেকে ৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল যোগ করুন। মিশ্রণটি একটি কাচের বোতলে সংরক্ষণ করুন।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে ত্বক আরও কোমল ও সতেজ দেখাতে পারে। 

পুষ্টিকর নাইট ক্রিম

শুষ্ক ত্বকের জন্য ক্যাস্টর অয়েল দিয়ে তৈরি নাইট ক্রিম হতে পারে ভালো বিকল্প। এক টেবিল চামচ শিয়া বাটারের সঙ্গে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং এক টেবিল চামচ জোজোবা অয়েল মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।

রাতে ঘুমানোর আগে এই ক্রিম ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে।

উজ্জ্বল ত্বকের জন্য ফেসপ্যাক

সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েলযুক্ত ফেসপ্যাক। এটি ত্বকে অতিরিক্ত আর্দ্রতা যোগ করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সহায়ক হতে পারে।

ফেসপ্যাক তৈরির জন্য এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল, এক চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার এবং ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তবে যাদের ত্বক সংবেদনশীল, তারা নতুন কোনো উপাদান ব্যবহারের আগে হাতে বা কানের পেছনে প্যাচ টেস্ট করে নিতে পারেন। ত্বকে জ্বালা, চুলকানি বা অস্বস্তি দেখা দিলে ব্যবহার বন্ধ করা উচিত।

Mahfuzur Rahman

Publisher & Editor