শুক্রবার, ১২ জুন ২০২৬

মিরাজের শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন নাফিস

প্রকাশিত: ০৭:২৩, ১২ জুন ২০২৬ | ১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখন অনেকটাই সুস্থ। প্রায় ১২ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণের পর তাকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।

শুক্রবার (১২ জুন) এক ভিডিও বার্তায় নাফিস বলেন, মিরাজকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মাথায় বাউন্সারের আঘাত পাওয়ার পর তিনি বমি করায় চিকিৎসকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।

নাফিস জানান, ‘মিরাজ এখন বাসায় ফিরেছে। আপনারা জানেন, একটি বাউন্সার তার মাথায় আঘাত করেছিল। এরপর সে কিছুটা বমি করে, যা আমাদের উদ্বিগ্ন করেছিল। যদিও সে ম্যাচ চালিয়ে যায় এবং খেলা শেষ করে। পরে বিসিবির চিকিৎসক ও ফিজিওদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।’

হাসপাতালে মিরাজের দুটি স্ক্যান করা হয়। উভয় পরীক্ষার ফলই স্বাভাবিক এসেছে বলে জানান টিম ম্যানেজার। তিনি বলেন, ‘প্রথম স্ক্যানের রিপোর্ট ভালো ছিল। আজও রিপোর্ট সন্তোষজনক এসেছে। তাই চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন।’   

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরাজ খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। নাফিসের ভাষ্য, ‘সে আগামীকাল অনুশীলন করবে কি না, সেটাও এখনো নিশ্চিত নয়। চিকিৎসক ও ফিজিওরা তার অবস্থার ওপর নজর রাখবেন। এরপর তার ম্যাচে খেলার সক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে সফল না হলেও ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ। ১৪৪ রানে মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর ক্রিজে নেমে ২২ বলে অপরাজিত ২২ রান করেন তিনি। তবে ইনিংসের এক পর্যায়ে বাউন্সারের আঘাত লাগে তার মাথায়। চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও তিনি মাঠ ছাড়েননি এবং দলকে জয় এনে দিয়েই মাঠ ত্যাগ করেন।

ম্যাচ শেষে কনকাশনের শঙ্কা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এদিকে সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। ফলে প্রয়োজন হলে মিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। এরই মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

Mahfuzur Rahman

Publisher & Editor