বুধবার, ১০ জুন ২০২৬

বিসিবির বোর্ড সভাতে নেওয়া হয়েছে যেসব সিদ্ধান্ত

প্রকাশিত: ০১:৫৩, ১০ জুন ২০২৬ | ১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের পর অনুষ্ঠিত হয়েছে প্রথম বোর্ড সভা। নবনির্বাচিত বোর্ড পরিচালকদের নিয়ে এই সভায় বসেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ২৪ জন বোর্ড পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রথম সভাতেই দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়াতে বেশ কিছু মেগা প্রজেক্ট এবং গুরুত্বপূর্ণ বাজেট অনুমোদন করা হয়েছে।

বিসিবির নির্বাচন শেষে সেদিনই নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয়। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ২ জন পরিচালক। তবে তার মধ্যে একজন পদত্যাগ করেছেন।

তাই ২৪ জন বোর্ড পরিচালকদের নিয়ে গতকাল প্রথমবারের মতো সভাতে বসেছিলেন তামিম ইকবাল। যেখানে স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হয়েছে। এর পাশাপাশি বিসিবির পরিচালনা পর্ষদ থেকে মীর শাকরুল আলম সিমান্তের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ এবং জিমনেশিয়াম সুবিধা উন্নয়নের ব্যয় অনুমোদন করেছে বোর্ড।

এছাড়া শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে ছাউনি (শেড) স্থাপন এবং টয়লেট সুবিধা সংস্কারের জন্য বাজেট অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি টিম বাস কেনার অনুমোদন দিয়েছে বোর্ড। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া উন্নয়নের জন্য বাজেট অনুমোদন করা হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor