মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বিয়ের অনুষ্ঠানে গিয়ে পাসপোর্ট চুরি, নেদারল্যান্ডসে আটকা সৌদি ডিফেন্ডার

প্রকাশিত: ০৮:০০, ২৬ মে ২০২৬ | ১১

সৌদি আরবের বিশ্বকাপ প্রস্তুতিতে অপ্রত্যাশিত ধাক্কা লেগেছে। বিয়ের দাওয়াতে নেদারল্যান্ডসে গিয়ে চুরির ঘটনায় পাসপোর্ট হারিয়েছেন সৌদ আব্দুলহামিদ। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেননি তাদের এই ডিফেন্ডার।

গতকাল সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, আমস্টারডামে পরিবারের সঙ্গে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুলহামিদ। তার ব্যক্তিগত গাড়ি ভেঙে চুরির ঘটনা ঘটে। পাসপোর্টসহ বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে গেছে। এজন্য নেদারল্যান্ডসে আটকা আছেন এই ডিফেন্ডার।

সৌদি ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই খেলোয়াড়ের (আব্দুলহামিদ) আজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী রিয়াদে ভ্রমণ করার কথা ছিল। কিন্তু আমস্টারডামে সপরিবারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর তার ব্যক্তিগত গাড়ি ভেঙে চুরির ঘটনা ঘটায় তিনি রওনা হতে পারেননি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার পাসপোর্টসহ বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র খোয়া গেছে।’

বিবৃতিতে তারা আরও বলেছে, ‘সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন এই চুরির তদন্তের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছে। পাশাপাশি নেদারল্যান্ডসে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসের সাথেও যোগাযোগ রাখছে, যাতে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করে তাকে জাতীয় দলে যোগ দেওয়ার ব্যবস্থা করা যায়।’

আব্দুলহামিদ ধারে ফরাসি ক্লাব আরসি লেন্সে খেলছেন। তার মূল দল ইতালির এএস রোমা। সম্প্রতি কোচ জর্জিওস দোনিসের ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে নাম লিখেছেন। 

ইতোমধ্যে নিউ ইয়র্ক ও টেক্সাসে ট্রেনিং ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে সৌদি জাতীয় দল। সেখানে তারা ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। এইচ গ্রুপে তারা খেলবে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের বিপক্ষে।

Mahfuzur Rahman

Publisher & Editor