বুধবার, ২০ মে ২০২৬

ট্রাম্প সমর্থিত প্রার্থীর কাছে হারলেন সমালোচক ম্যাসি

প্রকাশিত: ০১:১৮, ২০ মে ২০২৬ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা রিপাবলিকান নেতাদের জন্য সতর্কবার্তা হয়ে উঠেছে কেন্টাকির প্রতিনিধি টমাস ম্যাসির পরাজয়। মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে তিনি হেরে গেছেন।

এ ঘটনাকে  ট্রাম্পের জন্য আরেকটি রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
ম্যাসি প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইন-সংক্রান্ত বিচার বিভাগের নথি প্রকাশের দাবিতে নেতৃত্ব দিয়েছিলেন। এতে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন। এ ছাড়া তিনি ইরানের সঙ্গে যুদ্ধেরও প্রকাশ্য সমালোচক ছিলেন।

শেষ পর্যন্ত ম্যাসি ট্রাম্প-সমর্থিত প্রার্থী সাবেক নেভি সিল সদস্য এড গ্যালরিনের কাছে পরাজিত হন। গ্যালরিনের প্রচারণায় ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠীও বিপুল অর্থ সহায়তা দিয়েছিল।
সিএনএন-এর তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে গ্যালরিন মোট ভোটের ৫৪.৯ শতাংশ এবং ম্যাসি ৪৫.১ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন। ৩ কোটি ২০ লাখ ডলারের বেশি বিজ্ঞাপন ব্যয়ে অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল মার্কিন প্রতিনিধি পরিষদের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাইমারি।

এ ঘটনা দেখিয়ে দিচ্ছে, রিপাবলিকান পার্টির ওপর ডোনাল্ড ট্রাম্পের প্রভাব কতটা শক্তিশালী।
এর আগে শনিবারের প্রাইমারিতে ট্রাম্পের আরেক সমালোচক, লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডিও পরাজিত হন। এ ছাড়া ৫ মে ইন্ডিয়ানার প্রাইমারিতেও ট্রাম্পের বিরোধিতা করা কয়েকজন রাজ্য আইনপ্রণেতা হেরে যান। কেন্টাকির রিপাবলিকান কৌশলবিদ টি. জে. লিটাফিক বলেন, ‘ম্যাসি আসলে ট্রাম্পের কাছেই হেরেছেন। কেনটাকির রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পই সবকিছু, তিনি সূর্য, চাঁদ ও তারার মতো প্রভাবশালী।

তবে ম্যাসির পরাজয়কে ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে না। বরং এটি দেখিয়েছে, রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দলীয় কর্মী ও সমর্থকদের ওপর ট্রাম্পের প্রভাব এখনো খুব শক্তিশালী। একই সময়ে ট্রাম্পের কমে যাওয়া জনসমর্থন ও উচ্চ জ্বালানি তেলের দাম নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে।

২০২৫ সালে ট্রাম্পের সঙ্গে ম্যাসির বিরোধ আরো তীব্র হয়। তিনি প্রতিনিধি পরিষদে মাত্র দুইজন রিপাবলিকানের একজন ছিলেন, তিনি ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর ও ব্যয়সংক্রান্ত আইন ‘বিগ বিউটিফুল বিল’-এর বিরুদ্ধে ভোট দেন। এ ছাড়া তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের যৌথ উদ্যোগে কথিত ‘এপস্টাইন ফাইলস’ প্রকাশের দাবিও সফলভাবে নেতৃত্ব দেন।

ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলকে সহায়তার বিরোধিতা করায় ট্রাম্প আরো ক্ষুব্ধ হন। একই সঙ্গে ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠী ম্যাসিকে পরাজিত করতে বিপুল অর্থ ব্যয় করে। রিপাবলিকান জিউইশ কোয়ালিশন, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এবং ট্রাম্প-সমর্থিত একটি সুপার প্যাক ম্যাসিকে হারানোর জন্য ১ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি খরচ করে। এটি ইসরায়েলপন্থী দাতাদের অর্থে পরিচালিত।

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প টমাস ম্যাসিকে ‘খারাপ লোক’ বলে আখ্যা দেন এবং বলেন, তার হারাই প্রাপ্য ছিল। পরাজয় স্বীকার করে দেওয়া ভাষণে ম্যাসি মজা করে বলেন, এড গ্যালরিনের সঙ্গে যোগাযোগ করতে হলে তাকে তেল আবিবে ফোন করতে হতো। এতে তার সমর্থকদের মধ্যে হাসির রোল পড়ে। এ সময় সমর্থকেরা ‘আর কোনো যুদ্ধ নয়’, ‘আমেরিকা ফার্স্ট’ এবং ‘২০২৮’ স্লোগান দিতে থাকেন।

ম্যাসি বলেন, ‘আমরা আসলে এড গ্যালরিনের বিরুদ্ধে লড়ছিলাম না, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও না। আমরা লড়ছিলাম আমাদের বিশ্বাস ও নীতির জন্য। আজ যা হয়েছে, তা ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে।’

মঙ্গলবার আলাবামা, জর্জিয়া, আইডাহো, কেন্টাকি, ওরেগন ও পেনসিলভানিয়াতেও প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনের ফল নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক লড়াইয়ের চিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এবং সম্ভব হলে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছে, যদিও রিপাবলিকানরা নতুন নির্বাচনী সীমানা নির্ধারণের লড়াইয়ে কিছু সুবিধা পেয়েছে।

রাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় কেন্টাকিতে সিনেটের রিপাবলিকান মনোনয়ন জিতেছেন প্রতিনিধি অ্যান্ডি বার। তিনি চার দশক ধরে সিনেটের আসন ধরে রাখা মিচ ম্যাককনেলের উত্তরসূরি হওয়ার দৌড়ে সাবেক কেন্টাকি অ্যাটর্নি জেনারেল ড্যানিয়েল ক্যামেরনকে পরাজিত করেন। ট্রাম্পের সমর্থন তার বিজয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

জর্জিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনস এবং স্বাস্থ্যসেবা খাতের ধনকুবের রিক জ্যাকসন এগিয়ে গিয়ে ১৬ জুনের রানঅফ নির্বাচনে জায়গা করে নিয়েছেন। ট্রাম্প গত বছরই বার্ট জোনসকে সমর্থন দিয়েছিলেন।

রানঅফে বিজয়ী প্রার্থী সাধারণ নির্বাচনে সাবেক আটলান্টা মেয়র কেইশা ল্যান্স বটমস-এর মুখোমুখি হবেন। বিভিন্ন মার্কিন গণমাধ্যম ইতোমধ্যে তাকে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

এ ছাড়া জর্জিয়ায় মার্কিন সিনেটের রিপাবলিকান প্রাইমারিতে প্রতিনিধি মাইক কলিন্স এবং সাবেক কলেজ ফুটবল কোচ ডেরেক ডুলি রানঅফ নির্বাচনে উঠেছেন। তাদের মধ্যে যে জিতবেন, তিনি সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Mahfuzur Rahman

Publisher & Editor