শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা

প্রকাশিত: ০০:৫৯, ১৮ এপ্রিল ২০২৬ |

লেবাননে ইসরাইলের বিমান হামলা 'নিষিদ্ধ' বলে একটি পোস্ট দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পোস্টে হতবাক হয়ে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যার ফলে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে, বিষয়টি জানিয়েছে অ্যাক্সিওস।

ট্রাম্প পোস্টে লেখেন, ‘ইসরাইল আর লেবাননে বোমা হামলা করবে না। আমেরিকার পক্ষ থেকে এটা নিষিদ্ধ। আর যথেষ্ট হয়েছে।’ অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘ইসরাইলকে থামতে হবে। তারা এভাবে ভবন উড়িয়ে দিতে পারে না। আমি এটা হতে দেব না।’

তবে এই পোস্ট যুদ্ধবিরতি চুক্তির ভাষার সঙ্গে মেলে না। স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার যে চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে সেখানে বলা আছে, ইসরাইল যেকোনো সময় ‘আত্মরক্ষার স্বার্থে’ সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। তবে লেবাননের বেসামরিক, সামরিক বা অন্য কোনো রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুতে আক্রমণাত্মক অভিযান না চালানোর প্রতিশ্রুতিও দিয়েছে ইসরাইল।

আমেরিকার একটি সূত্র ও বিষয়টির সঙ্গে পরিচিত আরেকটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, ট্রাম্পের পোস্ট দেখে নেতানিয়াহু ও তার উপদেষ্টারা মিডিয়া থেকে জানতে পারেন। তারা রীতিমতো চমকে যান। ইসরাইলের ওয়াশিংটন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারসহ সহযোগীরা দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা শুরু করেন। ইসরাইল হোয়াইট হাউসের কাছে স্পষ্ট ব্যাখ্যা চায় এবং জানায়, ট্রাম্পের মন্তব্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক।

পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্ট বলা আছে যে ইসরাইল লেবানিজ লক্ষ্যবস্তুতে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। তবে পরিকল্পিত, আসন্ন বা চলমান হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সংরক্ষিত থাকবে।’

এদিকে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পের সাক্ষাৎকারের কিছু আগে ইসরাইলের একটি ড্রোন দক্ষিণ লেবাননে হামলা চালায়। ইসরাইলের এক সূত্র পরে দাবি করে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি বাহিনীকে আক্রমণ করেছিল। সূত্রটি বলে, ‘আমাদের বাহিনী আমেরিকা ও লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আত্মরক্ষার জন্য হুমকি মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে।’

লেবাননের সঙ্গে এই যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। তার সরকার সবসময় জোর দিয়ে বলে আসছে যে প্রয়োজনে হিজবুল্লাহকে আঘাত করতে তাদের সামনে কোনো বাধা নেই।

Mahfuzur Rahman

Publisher & Editor