শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গাড়ির ভেতর থেকে কিশোরীর গলিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার গায়ক

প্রকাশিত: ০৮:১৩, ১৭ এপ্রিল ২০২৬ |

গাড়ির ভেতর থেকে এক কিশোরীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় মার্কিন গায়ক ডিফোরভিডিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, শিল্পীর নামে নিবন্ধিত একটি টেসলা গাড়ির ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হলিউড রিপোর্টার বলছে, গ্রেপ্তার হওয়া ডিফোরভিডির আসল নাম ডেভিড বার্ক। বয়স ২১ বছর।

তাকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। নিহত কিশোরীর নাম সেলেস্টে রিভাস হার্নান্দেজ, বয়স ছিল ১৪ বছর। ২০২৪ সালে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল।
পুলিশ জানায়, গত বছরের ৮ সেপ্টেম্বর হলিউডের একটি ইমপাউন্ড লটে থাকা গাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়।

পরে গাড়ির সামনের ট্রাঙ্ক থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তকারীদের ধারণা, মরদেহটি কয়েক সপ্তাহ আগে থেকেই সেখানে ছিল। গাড়িটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর দুই দিন ধরে ইমপাউন্ড লটে রাখা হয়েছিল। গাড়িটি ডেভিড বার্কের নামে নিবন্ধিত ছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, কিশোরীর মরদেহ খণ্ডিত করা হয়েছিল এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, প্রমাণ ও যুক্তিসংগত সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি এখনো আনুষ্ঠানিক অভিযোগ নয়।

মামলাটি শিগগিরই লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে উপস্থাপন করা হবে।

অন্যদিকে গায়কের আইনজীবীরা তার নির্দোষ দাবি করেছেন।

তাদের বক্তব্য, “ডেভিড বার্ক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। ঘটনার সময় তিনি বিশ্ব সফরে ছিলেন।”
ঘটনার পর গায়কের যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি তার আসন্ন অ্যালবামের প্রচারণাও স্থগিত রাখা হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor