ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ ২০০২ বিশ্বকাপ ফাইনাল। সেই ফাইনালে জার্মানির জালে জোড়া গোল করে ব্রাজিলকে শিরোপা এনে দিয়েছিলেন রোনালদো নাজারিও। আর জার্মানির গোলবারে দাঁড়িয়ে সেই গোল দুটো হজম করতে হয়েছিল কিংবদন্তি গোলরক্ষক অলিভার কানকে।
ফাইনালের সেই রাতের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে।
‘ফেনোমেনন’ রোনালদোর সামনে অসহায় হয়ে পড়েছিল জার্মান ডিফেন্স, এমনকি বিশ্বসেরা গোলরক্ষক কানেরও কিছু করার ছিল না।
ঠিক সেই অভিজ্ঞতা থেকেই হয়তো রোনালদোকে নিয়ে এতটা দৃঢ় মত কানের। ফুটবল ইতিহাসের দীর্ঘদিনের ‘গোট’ (সর্বকালের সেরা) বিতর্কে তাই তো নতুন করে আগুন জ্বালালেন এই জার্মান কিংবদন্তি। তার মতে, লিওনেল মেসি কিংবা ক্রিস্তিয়ানো রোনালদো নন, সর্বকালের সেরা খেলোয়াড় হলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কান বলেন, ‘আমার কাছে ব্রাজিলিয়ান রোনালদো মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়েও অনেক ভালো ছিল।”
তার ভাষায়, ‘ফেনোমেনন’ নামেই পরিচিত রোনালদোই তার দেখা সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।
ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর প্রতি কানের এই মূল্যায়ন নতুন করে আলোচনায় এনেছে তাকে। দুইবারের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার তাঁর গতি, ড্রিবলিং এবং অসাধারণ ফিনিশিংয়ের জন্য ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছেন।
অন্যদিকে আধুনিক ফুটবলের দুই মহাতারকা মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরেই ‘গোট’ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তবে কানের মতে, এই দুজনকেও ছাড়িয়ে গেছেন ‘ফেনোমেনন’ রোনালদো।
Publisher & Editor