শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

পরিচালকরা পদত্যাগ করলেও বোর্ড নিজের মতো চলবে: ফারুক আহমেদ

প্রকাশিত: ০৭:৫০, ২৭ মার্চ ২০২৬ |

গেল বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের পর থেকেই ঢাকার কিছু ক্লাব সংগঠকের মধ্যে অসন্তোষ চলছে। পাশাপাশি বর্তমান কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এর মধ্যেই দুইজন পরিচালকের পদত্যাগ এই বিষয়টিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু বানিয়েছে। তবে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের মতে, এতে বোর্ডের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না; প্রতিষ্ঠান তার স্বাভাবিক গতিতেই চলবে।

কমিটি কতদিন স্থায়ী হবে—এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, তিনি দুটি পদত্যাগপত্র দেখেছেন এবং সেখানে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে।

তার ভাষ্য, ‘আমি যদি কালকে না থাকি তখন আমারও কোনো ব্যক্তিগত কারণ হতে পারে। তাই না? আপনি জানেন আমাদের ২৫ জন ডিরেক্টর। তারা থাকলে ভালো হতো। কিংবা না থাকলে আমার মনে হয় না যে বোর্ড চলবে না। আমার মনে হয় বোর্ডের মতো বোর্ড চলবে।’

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটি এবং এ বিষয়ে আইসিসিকে বিসিবির জানানো প্রসঙ্গেও তিনি কথা বলেন।

তদন্তের ফলাফল সম্পর্কে তিনি বলেন, যাদের কাছে চিঠি দেওয়া হয়েছে তাদের মধ্যে একপক্ষ অসন্তুষ্ট এবং অন্যপক্ষ বর্তমান বোর্ডের সঙ্গে যুক্ত। ফলে একপক্ষ সবকিছু ঠিক বলবে, আর অন্যপক্ষ বলবে সব ভুল হয়েছে—এ কারণে চূড়ান্ত ফলাফল কী হবে তা এখনই বলা কঠিন।

Mahfuzur Rahman

Publisher & Editor