সোমবার, ০৯ মার্চ ২০২৬

মামার বাড়ির কাজলা দিঘি

প্রকাশিত: ০৮:৫১, ০৯ মার্চ ২০২৬ |

মামার বাড়ির কাজলা দিঘি কাজলকালো জল,

সকাল-বিকাল হাওয়ার তালে নাচে ছলাৎ ছল।
 

কলমিলতা উঁচিয়ে মাথা বলছে কথা বুঝি,

পদ্মকলি রূপের ডালি খুলছে হেসে রোজই।

ভোরবিহানে শাপলা হাসে শ্বেতচন্দন মেখে,

জোছনামাখা চাঁদটা লাজে লুকায় তারে দেখে।
 

দিঘির পারে বাঁশের ঝাড়ে কানা বগির ছা

মায়ের বুকে ঘুমিয়ে সুখে তৃপ্ত করে গা।
 

চারধারে তার আকাশছোঁয়া তাল নারিকেল গাছ

নীলের সাথে ইশারাতে হাসছে বারো মাস।
 

কাজলকালো জল থইথই সেই দিঘিটার বুকে

মামার বাড়ির হাঁসের ছানা সাঁতার কাটে সুখে।


সেই দিঘিতে গোসল করে শীতল করি গা,

এমন মজার পুকুর বুঝি কোথাও পাবে না।

Mahfuzur Rahman

Publisher & Editor