রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

অভিষেক ফিরলে তারিককে সামলানো সহজ হবে : হরভজন সিং

প্রকাশিত: ০৬:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ |

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজেকের এই মহারণ ঘিরে চলছে বিশ্লেষণ-আলোচনা। এরই মধ্যে সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং জানালেন স্বস্তির খবর, ফিট হয়ে দলে ফিরেছেন ওপেনার অভিষেক শর্মা। 

হরভজনের মতে, আবহিষেকের উপস্থিতি পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিককে সামলাতে বড় ভূমিকা রাখবে।

তারিকের ডেলিভারির আগে সামান্য থেমে যাওয়া ও আর আলাদা বোলিং অ্যাকশন ইতিমধ্যেই আলোচনায়। হরভজন বলেন, ‘ওকে আইএলটি২০-তে দেখেছি। সুযোগ পেলেই ম্যাচ জেতানো বোলিং করেছে। সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচসেরা হয়েছে।

অন্য স্পিনারদের চেয়ে আলাদা, তার ভ্যারিয়েশন অনেক।’
তবে ভারতীয় ব্যাটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি যোগ করেন, ‘যে বোলারকে আগে খেলোনি, তাকে খেলতে গেলে সচেতন থাকতে হয়। কিন্তু ভারত তাকে সামলাতে পারবে, বড় উইকেট দেবে না।’

নামিবিয়ার বিপক্ষে ম্যাচে পেটের সমস্যার কারণে খেলতে পারেননি অভিষেক।

তবে এখন সুস্থ হয়ে দলে ফিরেছেন। হারভাজনের ভাষায়, ‘অভিষেক এমন একজন ব্যাটার, যার সব ধরনের শট আছে। প্রথম বল থেকেই আক্রমণ করে এবং স্পিনারদের ওপর আধিপত্য দেখাতে পারে। সে ম্যাচ একাই জেতানোর মানসিকতা রাখে।’
ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য তাই তার ফেরা বড় স্বস্তি।

ম্যাচ ঘিরে আগের নানা অনিশ্চয়তা ও বিতর্ক প্রসঙ্গে হরভজন বলেন, ‘ম্যাচ হবে কি না, এসব আলোচনা এখন অতীত। এখন মনোযোগ শুধু ক্রিকেটে হওয়া উচিত। পাকিস্তানও শক্তিশালী দল, বিশেষ করে এই কন্ডিশনে তাদের স্পিন আক্রমণ কার্যকর।’

হ্যান্ডশেক বা ম্যাচ-পরবর্তী সৌজন্য নিয়েও বাড়তি আলোচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘হ্যান্ডশেক বাধ্যতামূলক কিছু নয়। খেলোয়াড়দের ইচ্ছার বিষয়। ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখা উচিত।’

প্রেমাদাসার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও বড় মাঠ হওয়ায় স্পিনাররা সুবিধা পেতে পারেন। হরভজনের আশা, ব্যাট ও বলের সমান লড়াই হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor