লা লিগায় দাপুটে জয় তুলে নিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠে তারা ৪-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। জোড়া পেনাল্টি থেকে গোল করে ম্যাচের নায়ক হন ভিনিসিয়ুস জুনিয়র।
কোচ আলভারো আরবেলোয়ার অধীনে টানা পঞ্চম জয় পেল লস ব্লাঙ্কোসরা।
সোমবার বার্সেলোনার ম্যাচের আগে দুই পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করেছে মাদ্রিদ।
পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড দারুণ ক্রস থেকে হেডে গোল করেন গনজালো গার্সিয়া।
২১ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান মিকেল ওয়ারাজাবাল।
ডিন হুইসেনের ফাউলে পাওয়া স্পট কিক ঠাণ্ডা মাথায় জালে জড়ান তিনি।
তবে মাত্র চার মিনিট পরই আবার এগিয়ে যায় মাদ্রিদ। বক্সে জন আরামবোরোর ফাউলে পেনাল্টি পান ভিনিসিয়ুস নিজেই এবং নিচের কর্নারে নিখুঁত শটে দলকে লিড এনে দেন।
৩১ মিনিটে দূরপাল্লার চমৎকার শটে ব্যবধান ৩-১ করেন ফেদে ভালভার্দে।
আলভারো কারেরাসের পাস থেকে ডান দিকের উপরের কোণে বল পাঠান উরুগুইয়ান মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পেনাল্টি। ম্যাচের ৪৬তম মিনিটে ভিনিসিয়ুস দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন। পরে হ্যাটট্রিকের সম্ভাবনাও ছিল, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
চলতি মৌসুমে লা লিগায় এটি রিয়ালের ১৩তম পেনাল্টি—ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা সর্বোচ্চ।
একই ম্যাচে দুই বা তার বেশি পেনাল্টি আদায় ও গোল করার কীর্তি গড়লেন ভিনিসিয়ুস; এর আগে ২০১৫ সালে নেইমার (তৎকালীন বার্সেলোনা খেলোয়াড়) এমনটি করেছিলেন।
Publisher & Editor