ছবি: সংগৃহীত
উত্তর ইউরোপে তীব্র শীতে সমুদ্র জমে তৈরি হয়েছে বরফের রাস্তা, আর সেই পথেই গাড়ি চালিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াত করছেন মানুষ। এস্তোনিয়া-তে শীত মৌসুমে এমন দৃশ্য এখন নিয়মিত।
প্রচণ্ড ঠান্ডায় হ্রদ, নদী এমনকি সমুদ্রের পানিও শক্ত বরফে পরিণত হয়েছে। পশ্চিম এস্তোনিয়ার সারেমা ও হিউমা দ্বীপকে সংযুক্ত করেছে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ একটি বরফের সড়ক, যার নাম দেওয়া হয়েছে ‘আইস রোড’। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পথটি চালু করা হয় এবং উদ্বোধনের দিনই সেখানে গাড়ি চলাচল শুরু হয়।
টানা কয়েক সপ্তাহ তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সমুদ্রের পানি জমে এ রাস্তা তৈরি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে বরফের সড়ক খুলে দেওয়া হয়।
হিউমা দ্বীপে বাস করেন প্রায় ৯ হাজার মানুষ। দৈনন্দিন প্রয়োজন—শিশুদের স্কুলে নেওয়া, কেনাকাটা বা অবসর কাটানো—অনেক ক্ষেত্রেই তাদের যেতে হয় সারেমা দ্বীপে, যেখানে জনসংখ্যা প্রায় ৩১ হাজার। এমনকি মূল ভূখণ্ডে যেতেও হিউমা থেকে সারেমা হয়ে যেতে হয়। তাই প্রয়োজনের তাগিদেই আইস রোড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হিউমার মেয়র হারগো তাসুয়া বলেন, এটি শুধু প্রয়োজন নয়, স্থানীয় সংস্কৃতিরও অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে উপকূলবর্তী মানুষ গ্রীষ্মে সমুদ্রে সাঁতার ও নৌকা ব্যবহার করেন, আর শীতে বরফে জমে যাওয়া সমুদ্রের ওপর চলাচল যেন তাদের জীবনের স্বাভাবিক অভ্যাস।
আইস রোড ব্যবহারে কিছু বিধিনিষেধ রয়েছে। সর্বোচ্চ আড়াই টন ওজনের গাড়ি চলতে পারবে। গতি রাখতে হবে ঘণ্টায় ২০ কিলোমিটারের নিচে অথবা ৪০ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে। নির্ধারিত সীমার বাইরে গতি বাড়ালে কম্পনের কারণে বরফের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
তথ্যসূত্র: এপি
Publisher & Editor