অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ আলোকিত করে রিশাদ হোসেন ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে’ ধূমকেতুর হয়েও সমান ধারালো। তবে ২২ গজে যতটা আক্রমণাত্মক, মাইক্রোফোন হাতে ততটাই সংযত রিশাদ।
‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে’ ধূমকেতু একাদশের হয়ে প্রথম ম্যাচে চার ওভারে ২১ রানে তিন উইকেট নেন তিনি। তার আগে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নজর কাড়েন রিশাদ।
অস্ট্রেলিয়া সফর নিয়ে সম্প্রতি তিনি বলেন, ‘দুই মাসের জিনিস একদিনে বলা সম্ভব না।’ রিকি পন্টিং ও স্টিভেন স্মিথদের সান্নিধ্য প্রসঙ্গে তার ভাষ্য, ‘ওরা বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। অনেক কিছু শেখার আছে, চেষ্টা করেছি শিখতে। ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার, ততই সরল মনের। বড়-ছোট দেখে না। আমি চেষ্টা করব তাদের মতো হতে।’
ভারত ও শ্রীলংকায় আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে খেলতে না পারার হতাশা নিয়ে রিশাদের ছোট প্রতিক্রিয়া, ‘আমিও হতাশ হয়েছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর স্থবির হয়ে পড়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ঘরোয়া টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ আয়োজন করেছে বিসিবি।
বিগ ব্যাশে ট্রফি না জিতলেও অস্ট্রেলিয়ার কন্ডিশনে রিশাদের সাফল্য বলে দিচ্ছে, বাংলাদেশ পেয়ে গেছে ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ লেগ-স্পিনার।
Publisher & Editor