সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬: কে কোন পুরস্কার পেলেন

প্রকাশিত: ০১:৫৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬ |

সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান পুরস্কারগুলো জিতে নিয়েছেন জনপ্রিয় শিল্পী ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি ইলিশ এবং লেডি গাগা। গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।  

এবারের আসরে ‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য গ্র্যামির অন্যতম শীর্ষ সম্মান ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন ব্যাড বানি। অন্যদিকে, ‘লুথার’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য ‘বেস্ট র‍্যাপ অ্যালবাম’সহ একাধিক পুরস্কার নিজের করে নিয়েছেন কেনড্রিক লামার। ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের জন্য বিলি আইলিশ জিতেছেন ‘সং অব দ্য ইয়ার’-এর পুরস্কার। পপ তারকা লেডি গাগার ঝুলিতে গেছে ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’সহ (অ্যালবাম: মেহেম) দুটি পুরস্কার।

তারকাবহুল আয়োজন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়াহ টানা ষষ্ঠবারের মতো গ্র্যামির এই আসরটি উপস্থাপনা করেন। হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স এবং শ্যাপেল রোয়ানের মতো তারকারা মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এদিকে দক্ষিণ এশীয় সংগীতপ্রেমীদের নজর ছিল ভারতীয় সংগীতজ্ঞদের দিকে। এ বছর গ্র্যামিতে ভারতের পক্ষ থেকে আনুশকা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি এবং চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। বিশ্বমঞ্চে ভারতের শক্তিশালী উপস্থিতির জানান দিলেও শেষ পর্যন্ত এবার কোনো বিভাগে পুরস্কার জিততে পারেননি তারা।

একনজরে প্রধান বিজয়ীদের তালিকা:

অ্যালবাম অব দ্য ইয়ার: ডেবি তিরার মাস ফোটোস (ব্যাড বানি)

রেকর্ড অব দ্য ইয়ার: লুথার (কেনড্রিক লামার ও এসজেডএ)

সং অব দ্য ইয়ার: ওয়াইল্ড ফ্লাওয়ার (বিলি আইলিশ)

সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন

সেরা পপ ভোকাল অ্যালবাম: মেহেম (লেডি গাগা)

সেরা র‍্যাপ অ্যালবাম: জিএনএক্স (কেনড্রিক লামার)

সেরা রক অ্যালবাম: নেভার এনাফ (টার্নস্টাইল)

সেরা মিউজিক ভিডিও: এনজাইটি (ডোয়েচি)

সেরা অডিও বুক ও বর্ণনা: মেডিটেশন (দালাই লামা)

এ ছাড়া কেনড্রিক লামার ‘বেস্ট র‍্যাপ পারফরম্যান্স’ ও ‘বেস্ট র‍্যাপ সং’ বিভাগেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। অন্যদিকে, লেডি গাগা তার ‘আব্রাকাদাবরা’ গানের জন্য ‘সেরা ড্যান্স-পপ রেকর্ডিং’ পুরস্কারটিও জিতে নিয়েছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor